ঢাকা দক্ষিণে ৫৪০ কেন্দ্রে শুরু হলো হাম-রুবেলার টিকা কার্যক্রম, চলবে ১১ মে পর্যন্ত
· Prothom Alo

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’।
আজ রোববার সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১১ মে পর্যন্ত মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
Visit bettingx.club for more information.
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, তাদের আওতাধীন এলাকায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ৪ লাখ ২ হাজার ৪৫৬ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসিজুড়ে মোট ৫৪০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯০টি স্থায়ী ও ৪৫০টি অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হলেও আজ থেকে ঢাকা দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল) একযোগে এ কার্যক্রম শুরু হলো।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। বর্তমান সরকার এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শ্রমজীবী অভিভাবকদের কাছে টিকার গুরুত্ব পৌঁছে দিতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এমানুয়েল আব্রিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেনটেটিভ রাজেশ নারোয়াল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
নগর ভবনে উদ্বোধন শেষে প্রশাসক ও প্রতিমন্ত্রী খিলগাঁওয়ে অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছে।

